ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ পত্রিকার ডিক্লারেশন (নিবন্ধন) বাতিল করেছে জেলা প্রশাসন। নিয়ম নীতি তোয়াক্কা না করে পত্রিকা প্রকাশ ও দ্বিতীয় ও তৃতীয় পাতায় সব প্রতিবেদন হুবহু প্রকাশিত হওয়ায় ছাপাখানা ও প্রকাশনা আইনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিবন্ধন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ এবং বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।
দৈনিক দেশের খবর পত্রিকার সম্পাদক এফএমএ ছালাম বলেন, বাতিলের চিঠি এখনও হাতে পাইনি। এ বিষয়ে হাইকোর্টে যাব। দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক হাসিম উদ্দিন এবং দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা সম্পাদক আ ন ম ফারুক বলেন, ডিক্লারেশন বাতিলের চিঠি এখনও হাতে পাইনি। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা বলেন, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘণ করে পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছিল তাই তাদের ডিক্লারেশন বাতিল করা হয়েছে।