রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।
আরও পড়ুন,
তিনি জানান, গুলশান এলাকা থেকে নুর মোহাম্মদকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। নুর মোহাম্মদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলেও তিনি বিজয়ী হতে পারেননি।
আরও পড়ুন,
এরই মধ্যে সাবেক এই সংসদ সদস্য, তার স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি দুর্নীতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। একই সঙ্গে আদালতের নির্দেশে তাদের বিদেশযাত্রার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। ডিবি সূত্র জানিয়েছে, আটক-পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।