ময়মনসিংহের ত্রিশালে পার্কিংয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ‘বাগান কনজিউমার টেক্সটাইল’ সংলগ্ন স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিংয়ে থাকা বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্কিংয়ে থাকা বাসটি গার্মেন্টস শ্রমিকদের পরিবহনে ব্যবহৃত হতো। শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করা ছিল। এসময় বাসটিতে আগুন জ্বলতে দেখতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন স্থানীয়রা। পরে ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।