ঢাকা থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রায় ১০ লাখ টাকা খুইয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দুই গরু ব্যবসায়ী। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর রাতে ঢাকা-কোটচাঁদপুর সড়কে চলাচলকারী জে লাইন পরিবহনের একটি বাসে।
ভুক্তভোগীরা হলেন কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের সবুজ হোসেন এবং ফুলবাড়ি এলাকার অতুল। বর্তমানে অতুল কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকার গাবতলী থেকে বাসে ওঠার পর তারা ঘুমিয়ে পড়েন। পরে জেগে উঠে দেখেন তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ নেই এবং সহযাত্রী অতুল অচেতন অবস্থায় ছিলেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঈদের-আনন্দে-পূর্ণ-ষাটগম্/
তাদের দাবি, বাসে একাধিকবার যাত্রী পরিবর্তন এবং সন্দেহজনক আচরণের মাধ্যমে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হতে পারে। ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। বর্তমানে বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/কুষ্টিয়ার-কুমারখালীতে-আধ/
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, দুইজনকেই অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।