দেশজুড়ে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু, আর সন্দেহজনক উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৮ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩২ জন শিশু।
শুক্রবার, স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ মে সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ছয়-নবজাতকের-মৃত্যুতে-৫-কর/
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৪৩ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৬৮ হাজার ৫৭৯ জন। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৫০ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৬২৩ জন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঈদের-ছুটিতে-ফাঁকা-ঢাকায়-দ/
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং জ্বর, র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ রোধে বাড়তি সতর্কতা প্রয়োজন। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর মাঠপর্যায়ে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হচ্ছে শতভাগ টিকাদান নিশ্চিত করা।