দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩৪ শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯২ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৪২ জন। আর ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ১৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত আড়াই মাসে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৮১২ জন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৫০৪ শিশুর মৃত্যু হয়েছে।
তবে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৯০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।