আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং এর গভীরতা ছিল প্রায় ২১৫ কিলোমিটার।
আরও পড়ুন,
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় কম্পন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। তবে গভীরতার কারণে ভূপৃষ্ঠে এর ধ্বংসাত্মক প্রভাব তুলনামূলক কম ছিল। আন্তর্জাতিক রেড ক্রসের তথ্য অনুযায়ী, আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
আরও পড়ুন,
এর আগে শুক্রবার থেকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কয়েকটি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত পাঁচজন আহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত আফগানিস্তান কিংবা ভারতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।