বাংলাদেশে আরও বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডর উদ্বোধন ও এডুকেশন এক্সপো-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় ভালোভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/আগামীকাল-শুরু-পুলিশ-সপ্ত/
তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় কার্যক্রম বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি বলেন, সেখানে অনেক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে এবং কিছু ক্ষেত্রে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগও আছে। এহছানুল হক মিলন আরও বলেন, পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের বাছাই করা হবে এবং সরকার এ বিষয়ে পূর্ণ সহযোগিতা দেবে। তিনি ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/স্বাস্থ্য-পরীক্ষার-জন্য/
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার। তিনি জানান, আগামী ১০ দিনের মধ্যে রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে। রাষ্ট্রদূত বলেন, দুই দেশের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি বিনিময়ে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।