পাকিস্তান ক্রিকেটের গ্যালারিতে এক পরিচিত মুখ, এক অনন্য আবেগের নাম—‘জলিল চাচা’। সবুজ পতাকার আদলে পোশাক, মাথায় বিশেষ টুপি আর হাতে পাকিস্তানের জাতীয় পতাকা নিয়ে বছরের পর বছর ধরে মাঠ মাতানো এই কিংবদন্তি সমর্থক এবার অবসরের ঘোষণা দিয়েছেন।
প্রায় অর্ধশতাব্দীর বেশি সময় ধরে পাকিস্তান ক্রিকেট দলের পাশে থাকা আব্দুল জলিল, যাকে ক্রিকেট বিশ্ব ‘জলিল চাচা’ নামেই চেনে, জানিয়েছেন—অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচই হবে দেশের মাটিতে তার শেষ উপস্থিতি। আর ইংল্যান্ড সফরে আসন্ন টেস্ট সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে সমর্থক হিসেবে শেষবারের মতো গ্যালারিতে দেখা যাবে তাকে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/পাকিস্তানকে-২-০-ব্যবধানে/
জলিল চাচার ক্রিকেটযাত্রা শুরু হয়েছিল ১৯৬৮-৬৯ মৌসুমে। ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে প্রথমবার গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন তিনি। এরপর ক্রিকেটই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তার স্বতন্ত্র উপস্থিতি বিশ্বজুড়ে তাকে জনপ্রিয় করে তোলে। একসময় সংযুক্ত আরব আমিরাতে চাকরি করলেও পরে চাকরি ছেড়ে পুরোপুরি পাকিস্তান দলকে সমর্থন করার সিদ্ধান্ত নেন তিনি। বিশ্বের নানা দেশে গিয়ে জাতীয় দলকে সমর্থন জানাতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তাও পেয়েছেন।
বর্তমানে ৭৭ বছর বয়সী জলিল চাচা জানান, তিনি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চান। নিজ শহর শিয়ালকোটের কাছে একটি রেস্তোরাঁ ও ক্রিকেট জাদুঘর গড়ার স্বপ্ন রয়েছে তার। যেখানে বছরের পর বছর ধরে সংগ্রহ করা স্মৃতিচিহ্ন সংরক্ষণ করবেন। একইসঙ্গে ৫০০ ম্যাচে পাকিস্তানকে সমর্থনের লক্ষ্যও পূরণ করেছেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/রামিসা-হত্যায়-শোক-প্রকাশ/
তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের পারফরম্যান্স তাকে হতাশ করেছে। বিশেষ করে ভারতের বিপক্ষে ধারাবাহিক পরাজয় কষ্ট দিয়েছে বলে জানান তিনি। তবুও আশা ছাড়ছেন না এই কিংবদন্তি সমর্থক। তার বিশ্বাস—খেলায় জয়-পরাজয় থাকবেই, আজ হারলেও কাল আবার জিতবে পাকিস্তান। এভাবেই গ্যালারির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা জলিল চাচা বিদায় নিচ্ছেন দীর্ঘ আবেগঘন পথচলার শেষে।