রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে সারা দেশের মতো শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। নৃশংস এই ঘটনার ঘটনায় আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাকিব আল হাসান বলেন, একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। তিনি আরও বলেন, যারা নিষ্পাপ শৈশবকে এমন নৃশংসতায় ধ্বংস করে, তারা মানবতার শত্রু। ন্যায়বিচার বিলম্বিত হলে অপরাধের সাহস আরও বাড়ে বলেও মন্তব্য করেন তিনি। দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাকিব।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/৭-জুনের-বিসিবি-নির্বাচন-স/
অন্যদিকে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, রামিসার মতো আরও কত নিষ্পাপ প্রাণ হারিয়েছে তার হিসাব নেই। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের সাহস বাড়ায় বলেও মন্তব্য করেন তিনি। তিনিও দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে ঘটনার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার মিরপুর ১১ নম্বর এলাকার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির নিখোঁজ হওয়ার পর পরিবারের সন্দেহে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/পাকিস্তানকে-২-০-ব্যবধানে/
পরে শৌচাগার ও খাটের নিচ থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, হত্যার আগে শিশুটিকে ধর্ষণের অভিযোগ রয়েছে মূল অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রক্তমাখা আলামত জব্দ করে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।