সন্ত্রাস,চাঁদাবাজ,মাদক মুক্ত সমাজ ও শিশুদের হাতে বই-কলম নিশ্চিতের অঙ্গীকার:এসএম জাহাঙ্গীর হোসেন (সংসদ সদস্য-ঢাকা-১৮)
স্টাফ রিপোর্টার:
“আমি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। এলাকার দখলদারিত্ব, চাঁদাবাজি ও সাধারণ মানুষের ওপর অন্যায় রুখে দিতেই জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার এলাকায় কোনো দখলবাজের স্থান হবে না।” সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় গণসংযোগ ও পথসভা চলাকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।
দখলদারিত্ব নিয়ে জিরো টলারেন্স:
বর্তমান প্রেক্ষাপটে এলাকার বিভিন্ন স্থানে দখলদারিত্ব নিয়ে চলা অস্থিরতার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “কারও ব্যক্তিগত বা দলীয় পরিচয়ে কোনো অবৈধ দখলদারিত্ব বরদাশত করা হবে না। আমি জনগণের অধিকার রক্ষায় আপসহীন। সাধারণ মানুষের মনে সংশয় তৈরি করে এমন কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না। চাঁদাবাজি ও দখলবাজি রুখতে আমি সর্বদা মাঠে আছি এবং থাকব।”
শিশুদের হাতে বই-কলম তুলে দেওয়ার অঙ্গীকার:
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট—উত্তরা ও খিলক্ষেতকে সন্ত্রাসমুক্ত করা। আমরা চাই না আমাদের শিশুরা ভুল পথে যাক। আমরা প্রতিটি বাচ্চার হাতে বই এবং কলম তুলে দিতে চাই। শিক্ষাই হবে আমাদের এলাকার উন্নয়নের মূল ভিত্তি।”
শৈশব থেকেই মানবিক ও পরোপকারী:
গণসংযোগকালে এলাকাবাসীর মুখে এই নেতার শৈশবের মানবিক কর্মকাণ্ডের গল্প উঠে আসে। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই মানুষের সেবা করা ছিল তার একমাত্র লক্ষ্য। বিপদে-আপদে সবার পাশে দাঁড়ানোর যে গুণ তার ভেতরে ছোটবেলায় ছিল, সংসদ সদস্য হওয়ার পরও তার কোনো পরিবর্তন হয়নি। বরং এখন তিনি আরও বড় পরিসরে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।
ক্যান্টনমেন্ট সার্কেলসহ দৃশ্যমান উন্নয়ন:
এলাকার অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যের সক্রিয় ভূমিকার প্রশংসা এখন সবার মুখে। বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটির উন্নয়ন কর্মকাণ্ড দেখে মগ্ন এলাকাবাসী। দীর্ঘদিনের অবহেলিত এই সড়কটি এখন চলাচলের উপযোগী হওয়ায় সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে।
তৃণমূলের আস্থার প্রতীক:
তেজগাঁও কলেজের সাবেক ভিপি এবং ৩২৯টিরও বেশি রাজনৈতিক মামলার মোকাবিলা করা এই লড়াকু নেতা তৃণমূলকে শক্তিশালী করতে রাজপথে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। মানুষের কল্যাণে জাতির স্বার্থে আমি সর্বদা প্রস্তুত আছি।”
গণসংযোগকালে উত্তরা ও খিলক্ষেত এলাকার বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনতা উপস্থিত ছিলেন। তারা প্রিয় নেতার এই বলিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ অবস্থানকে করতালির মাধ্যমে স্বাগত জানান জনতা।