পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। ঈদুল আজহার দিন রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকেই তার কাছে নিয়মিত যৌতুক দাবি করতেন স্বামী। টাকা দিতে না পারলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো তাকে। এর আগেও বাবার বাড়ি থেকে দেড় লাখ টাকা এনে দিতে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। গৃহবধূ জানান, গত ২৪ মে তাকে মারধর করা হয়। এরপর ঈদুল আজহার দিন রাতে আবারও বাবার বাড়ি থেকে দেড় লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন তার স্বামী ও ননদ। কিন্তু এতে রাজি না হওয়ায় তাকে নির্যাতন করা হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সান্তাহারে-বিএনপি-নেতাকে/
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে স্বামী ও ননদ মিলে জোরপূর্বক তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। পরে বিষয়টি জানতে পেরে গৃহবধূর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী ও ননদকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বগুড়া-সিটি-করপোরেশনসহ-৫-ন/
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান জানান, নির্যাতিত গৃহবধূর অভিযোগের পর মামলা নথিভুক্ত করা হয়েছে। পরে বাবুলচারা এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। যৌতুক ও নারী নির্যাতনের মতো ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই।