বগুড়ার ধুনট উপজেলা যুবদলের অধীনস্থ সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় একযোগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা যুবদল জানিয়েছে, শিগগিরই তৃণমূল পর্যায়ে নতুন কমিটি গঠন করা হবে। শুক্রবার রাতে উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন,
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদলের ধুনট উপজেলা শাখার অধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে দ্রুত নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। জানা গেছে, ধুনট উপজেলায় মোট ১০টি ইউনিয়ন এবং ৯০টি ওয়ার্ড রয়েছে। ফলে একযোগে ১০টি ইউনিয়ন ও ৯০টি ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত হয়েছে।
আরও পড়ুন,
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ত্যাগী, সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।