টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সুপার এইটে উঠেছে ভারত। টানা জয় তাদের শিরোপা সম্ভাবনাকে আরও জোরালো করেছে। তবে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মনে করছেন, শেষ চার পর্যন্ত যেতে পারবে না ভারত। জিও নিউজের একটি টক শোতে সুপার এইট থেকে সম্ভাব্য সেমিফাইনালিস্ট নিয়ে প্রশ্ন করা হলে আমির দুটি দলের নাম বলেন, ‘দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
ভারতকে তালিকায় না রাখার ব্যাখ্যায় তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে ভারতের ব্যাটিং খুব একটা আত্মবিশ্বাস জাগানিয়া ছিল না। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেকোনো প্রতিপক্ষকে হারাতে পারে।’ ভারত-পাকিস্তান ম্যাচের আগেও আলোচনায় ছিলেন আমির। ওই ম্যাচের আগে ভারতীয় ব্যাটার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান বদলাননি। অভিষেকের টানা ব্যর্থতার প্রসঙ্গ টেনে আমির বলেন, আন্তর্জাতিক ক্রিকেট তাকে ‘উন্মোচিত’ করে দিয়েছে। এদিকে সুপার এইটে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর জিম্বাবুয়ে এবং শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা।