ঢাকা-১৫ আসনের ১২৭টি ভোটকেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ২৯৩ জন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-১৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক এই তথ্য জানান। ঢাকা-১৫ আসনে ভোটারদের মধ্যে এক লাখ ৭৩ হাজার ৫৫১ জন পুরুষ, এক লাখ ৭০ হাজার ৭৩৮ নারী।
ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আট প্রার্থী। আসনটিতে প্রধান প্রতিদ্বন্দ্বি জামায়াতের আমির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুর রহমান ও বিএনপির ধানের শীষের প্রার্থী মো. শফিকুল ইসলাম। এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. সামসুল হক, কাস্তে প্রতিকের আহাম্মদ সাজেদুল হকসহ আরও চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ নম্বর এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ১০টি কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ২ হাজার ৯৭৫টি ভোট পড়েছে। এই ১০ কেন্দ্রে মোট ভোটার ২৪ হাজার ৩৭৭ জন। সকাল ১১টার দিকে ঢাকা-১৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক এ তথ্য জানান। তিনি জানান, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে বিদ্যালয়টির ১০টি কেন্দ্রে ভোটাররা লাইন ধরে ভোট দিতে থাকেন। ১০টা পর্যন্ত এখানে মোট ১২ শতাংশ ভোট পড়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঢাকায়-৩৭-ঝুঁকিপূর্ণ-ভোট/
এ ছাড়া তাকওয়া ইন্টারন্যাশনাল স্কুলের ৫৬ নম্বর কেন্দ্রে ২ হাজার ২০৭ ভোটারের মধ্যে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১০ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা নাহিদ হোসাইন। কেন্দ্রে শুধু ধানের শীষ, দাঁড়িপাল্লা ও প্রজাপতির এজেন্ট রয়েছেন। এ ছাড়া ৫৭ নম্বর কেন্দ্রে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত ৯ দশমিক ৭৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। ২২১৩ ভোটের মধ্যে ২১৬ ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা আব্বাস আলী।