গাজীপুরের টঙ্গী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি থেকে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতরাতে ৩১ জনকে মাদক সংশ্লিষ্ট অভিযোগে এবং অন্যান্য অপরাধে আরও ৬ জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে বস্তির ভেতরে একটি বিলাসবহুল শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। কক্ষটিতে মাদক সেবনের আলামত পাওয়া যায় এবং সেখানে একটি সুরক্ষিত সুড়ঙ্গপথও রয়েছে বলে জানায় পুলিশ। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/গুলশানে-মদ্যপ-অবস্থায়-গণ/
অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, টঙ্গীতে মাদক নির্মূলে এই অভিযান চলমান থাকবে এবং মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।