কিছুই জানতেন না তিনি। তাকে এখনই বাংলাদেশের স্পেশালিস্ট ব্যাটিং কোচ করা হতে পারে- এমন চিন্তাও আসেনি মাথায়। বোর্ড থেকেও কেউ তাকে কিছু জানাননি। কারণ, মোহাম্মদ আশরাফুল এখন অবস্থান করছেন কক্সবাজার। সেখানে জাতীয় লিগে বরিশালের খেলা চলছে। বরিশাল কোচ হিসেবে আশরাফুল দলের সঙ্গে সমুদ্র সৈকতের শহরেই অবস্থান করছেন। সমুদ্র সৈকতের ধারে বসেই রাত সোয়া ১০টা নাগাদ সাংবাদিকদের কাছ থেকে খবর পেলেন, আয়ারল্যান্ডের সঙ্গে হোম সিরিজে তাকেই করা হয়েছে টিম বাংলাদেশের ব্যাটিং কোচ।
এ যেন স্বপ্ন সত্য হওয়ার মতোই! মোহাম্মদ আশরাফুলের আনন্দ আর ধরে না। মুঠোফোনে তাৎক্ষণিক অনুভূতি জানাতে আশরাফুল বলেন, অন্য টেস্ট খেলুড়ে দেশ হলে হয়ত আনুষ্ঠানিকভাবে খেলা ছাড়ার পরপরই একটা না একটা অফার আসতো। তবে, আমাদের দেশে সে প্র্যাকটিসটা কম। তাই এত তাড়াতাড়ি জাতীয় দলের কোচিং প্যানেলে জায়গা পাবো, তা ভাবিনি। আশরাফুল আরও বলেন, সত্যি বলতে কী, আমি এখন জাতীয় দলের ব্যাটিং কোচ হবো, আমাকে অত বড় দায়িত্ব দেওয়া হবে- তা চিন্তাও করিনি। আশা ছিল ভবিষ্যতে বয়সভিত্তিক দলগুলোয় কোচিং করাতে পারবো হয়তো। সরাসরি বাংলাদেশ দলের স্পেশালিস্ট ব্যাটিং কোচ হবো, তা ভাবিনি। আপনাদের কাছ থেকেই শুনলাম। জানলাম। আমাকে জাতীয় দলের ব্যাটিং কোচ করা হয়েছে।
রাত সোয়া ১০টা নাগাদ আশরাফুল যখন মুঠোফোনে কথা বলেন, তখন তার প্রথম কথা ছিল- খুব ভালো লাগছে। আমার জীবনের একটা স্বপ্ন ছিল জাতীয় দলের সঙ্গে কাজ করার। আমি মনে মনে ভাবতাম, চাইতাম আমার খেলোয়াড়ি জীবনে শেখা বিষয়গুলো এবং দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানা, বোঝা বিষয়গুলো বর্তমান প্রজন্ম ও ভবিষ্যত প্রজন্মের সঙ্গে শেয়ার করতে। তাদের নিয়ে কাজ করতে। মহান আল্লাহ আমাকে সে সুযোগ দিলেন। আমি আবেগ আপ্লুত। খুব ভালো লাগছে।