রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে সংঘবদ্ধ ছিনতাইয়ের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। কোচিং শেষে রিকশায় বাসায় ফেরার পথে ধারালো অস্ত্রের মুখে তার মোবাইল ফোন, টাকা, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে সোমবার বিকেল ৫টা ৩৭ মিনিটে চাঁন মিয়া হাউজিংয়ের ১ নম্বর গেইট এলাকায়। ভুক্তভোগী সিদ্দিক শ্রেষ্ঠ ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঢামেকে-মুমূর্ষু-শিশুর-মৃ/
পরিবারের অভিযোগ, রিকশা এলাকায় পৌঁছালে কালো প্যান্ট ও সাদা শার্ট পরা এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রিকশার সামনে এসে দাঁড়ায়। পরে তাকে কেন্দ্র করে গালাগালি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই মুখে মাস্ক পরা আরও চারজন সেখানে এসে শিক্ষার্থীকে ঘিরে ফেলে।
দুই ছিনতাইকারী রিকশায় উঠে ছুরি ঠেকিয়ে ভয় দেখায় এবং তার আইফোন ১৭ প্রো ম্যাক্স, এয়ারবাডস, টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এমনকি ব্যাগে থাকা এনআইডি কার্ড ও ব্যাংকের এটিএম কার্ডও নিয়ে যায় তারা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাত্র এক মিনিটেরও কম সময়ে পুরো ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মোবাইলের পাসওয়ার্ড পর্যন্ত জেনে নেয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/গাজীপুরে-একই-পরিবারের-৫-জ/
ভুক্তভোগীর বাবা নূরে আলম সিদ্দিক অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা না নিয়ে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়। স্থানীয়দের অভিযোগ, ‘দে ধাক্কা’ নামে একটি কিশোর গ্যাং এই ঘটনার সঙ্গে জড়িত। বিশেষ করে ‘চৌদ্দ রাব্বি’ ও ‘ধাক্কা আগুন’ নামে পরিচিত কয়েকজনের নেতৃত্বে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় নিয়মিত ছিনতাই চলছে বলে দাবি তাদের।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সাব-রেজিস্ট্রার-ইমরুল-খো/
তবে মোহাম্মদপুর থানার ওসি মেসবাহ উদ্দিন জানিয়েছেন, অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভুক্তভোগী নিজেই জিডি করতে চেয়েছিলেন। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ওই শিক্ষার্থী ও তার পরিবার।