বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয়েছে রবীন্দ্রসংগীতশিল্পী মাকসুরা অন্তরার প্রথম একক অ্যালবাম ‘দিলে আমারে জাগায়ে’। আজ সকাল ৯টায় বেঙ্গল ফাউন্ডেশন-এর ইউটিউব চ্যানেলে অ্যালবামটি উন্মুক্ত করা হয়। আটটি ভিন্ন ধারার রবীন্দ্রসংগীত নিয়ে সাজানো এই অ্যালবামের সব গানের বাণী ও সুর রবীন্দ্রনাথ ঠাকুরের। সংগীতায়োজন করেছেন অম্লান হালদার। এতে তবলা, সেতার, সরোদ, বাঁশি ও বেহালায় অংশ নিয়েছেন কলকাতা ও ঢাকার একদল গুণী সংগীতশিল্পী।
অ্যালবামটির রেকর্ডিং হয়েছে কলকাতার রেনেসাঁ স্টুডিও এবং ঢাকার পটমঞ্জরী স্টুডিওতে। মিক্সিং ও মাস্টারিং করেছেন চন্দন ঘোষ। শিল্পী মাকসুরা অন্তরা সংগীতজীবন শুরু করেন মাত্র সাত বছর বয়সে। মানিকগঞ্জের সূচনা সংগীত বিদ্যানিকেতনে তিনি দীর্ঘদিন শাস্ত্রীয় সংগীত, রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতে প্রশিক্ষণ নেন। পরে তিনি ছায়ানট সংগীতবিদ্যায়তন থেকে রবীন্দ্রসংগীতে কৃতিত্বের সঙ্গে শিক্ষা সম্পন্ন করেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/১৫-মে-নেটফ্লিক্সে-আসছে-ক্/
বর্তমানে তিনি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ-এ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ছায়ানট সংগীতবিদ্যায়তন-এর রবীন্দ্রসংগীত বিভাগেও শিক্ষকতা করছেন। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবেও তিনি নিয়মিত সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সিডনিতে-এক-মঞ্চে-জেমস-ও-রূ/
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে প্রকাশিত এই অ্যালবামকে ঘিরে সংগীতাঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, ‘দিলে আমারে জাগায়ে’ রবীন্দ্রসংগীতপ্রেমীদের জন্য একটি বিশেষ সাংস্কৃতিক উপহার হয়ে উঠবে।