যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা কুইন্টা শহরে আয়োজিত আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের ট্রায়াথলেট মো. আল আমিন মিয়া। সাঁতার, সাইক্লিং ও দৌড়—এই তিন ইভেন্ট মিলিয়ে গঠিত কঠিন ক্রীড়া ট্রায়াথলনের অন্যতম চ্যালেঞ্জিং রূপ হলো ‘আয়রনম্যান’। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত লা কুইন্টা আয়রনম্যান ৭০.৩–এ আল আমিন ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড় মোট ৬ ঘণ্টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ডে সম্পন্ন করেন।
প্রতিযোগিতা শেষে তিনি গণমাধ্যমকে জানান, ‘এটাই আমার প্রথম আয়রনম্যান। আজ পানির তাপমাত্রা ছিল মাত্র ১৪ ডিগ্রি সেলসিয়াস, তাই সাঁতার অংশটি আমার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আমরা বাংলাদেশে থেকে এত কম তাপমাত্রায় অভ্যস্ত নই, তবুও শেষ করতে পেরেছি। আয়োজন ও ব্যবস্থাপনা বেশ ভালো ছিল, তাই যুক্তরাষ্ট্রে এসে অংশ নিয়েছি।’ এই ইভেন্টে ৩৮ বছর বয়সী আল আমিন মিয়া তার ৩৫–৩৯ বছর বয়স–গ্রুপে ২০৭ জনের মধ্যে ১৮৪তম স্থান অর্জন করেন। নারী-পুরুষ মিলিয়ে মোট ২,২৬৯ জন প্রতিযোগীর মধ্যে তার সামগ্রিক অবস্থান ১,৮৭৪তম। এই আসরে প্রথম স্থান অর্জন করেন যুক্তরাষ্ট্রের স্যাম লং, দ্বিতীয় হন কানাডার লায়োনেল স্যান্ডার্স এবং তৃতীয় হন জ্যারাশন লন্ড্রি।
পেশায় যমুনা টেলিভিশনের উপব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) আল আমিন বহু বছর ধরে ‘রান ফর বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি এর আগে ২০২২ সালের লাদাখ হাফ ম্যারাথন, ২০২৩ সালের টাটা মুম্বাই ম্যারাথন, ২০২৪ সালের ব্রাইটন ও সিডনি ম্যারাথন এবং চলতি বছরের মার্চে লস অ্যাঞ্জেলেস ম্যারাথনে অংশ নেন। আল আমিন জানান, আগামী বছর তিনি কানাডায় আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। বিশ্বব্যাপী আয়রনম্যান কর্তৃপক্ষ বছরজুড়ে নানা দেশে আয়রনম্যান ও আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা আয়োজন করে থাকে।