চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় শ্রমিক বিক্ষোভ ও অস্থিরতার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা প্যাসিফিক জিন্স গ্রুপের ৮টি পোশাক কারখানা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে পুনরায় কার্যক্রম শুরু করবে। মঙ্গলবার (২১ অক্টোবর) কর্তৃপক্ষ এক নোটিশে এ ঘোষণা দিয়েছে,ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম এর এসপি আবদুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর হোসেনের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বিগত ১৬ অক্টোবর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় এবং অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী ২৩ অক্টোবর থেকে কারখানাগুলো পুনরায় খোলা হবে। কর্তৃপক্ষ সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের কর্মস্থলে শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনায় সহায়তার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর সকাল থেকে কারখানাগুলোতে কাজ শুরু হলেও পরে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়।
এই আটটি কারখানা হলো:
প্যাসিফিক জিন্স লিমিটেড, প্যাসিফিক জিন্স লিমিটেড (ইউনিট-২), প্যাসিফিক অ্যাটায়ার্স লিমিটেড, প্যাসিফিক এক্সেসরিজ লিমিটেড, এনএইচটি ফ্যাশনস লিমিটেড, জিন্স ২০০০ লিমিটেড, ইউনিভার্সেল জিন্স লিমিটেড এবং প্যাসিফিক ওয়ার্কওয়্যার্স লিমিটেড।