বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামীকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও মিছিল করবেন। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে আমরা শাহবাগে অবস্থান নেব, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করব এবং পরে ফিরে আসব। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না; আমাদের আন্দোলন হবে অহিংস ও শৃঙ্খলাপূর্ণ।’ তিনি আরও জানান, যারা ঢাকায় আসতে পারছেন না, তারা প্রতিদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করবেন।
অবস্থানেরত আন্দোলনকারীদের মধ্যে অনশনরত কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার বিকাল পর্যন্ত চারজন শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বলে জানা গেছে। অধ্যক্ষ দেলাওয়ার হোসেন বলেন, “আমরণ অনশনে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। যদি এই আন্দোলনে কারও মৃত্যু ঘটে, এর দায় শিক্ষা উপদেষ্টাকেই নিতে হবে।” শিক্ষক-কর্মচারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা, উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশে উন্নীত করা।
গত ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে শিক্ষক-কর্মচারীরা রাজধানীর শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। এরপর ১৭ অক্টোবর তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি যুক্ত করেন। আন্দোলনরত শিক্ষকদের প্রতি ইতোমধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দল সংহতি জানিয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী সংগঠনও এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে।