কাজী খালেদ সিয়াম: দেশের শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আলোচিত ক্রিকেট টুর্নামেন্ট সেলিব্রিটি ক্রিকেট লিগ ( সিসিএল )- নিয়ে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে।
ক্রিকেট খেলার নামে মাঠে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ৬ জন মডেল/অভিনেত্রী এবং ৩ জন নির্মাতা-র বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ জাকির হোসেন-এর পাঠানো লিগ্যাল নোটিশে অভিযুক্তরা হলেন : সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীর রয় চৌধুরী, মেন্টর গিয়াস উদ্দিন সেলিম, মেন্টর তানিম রহমান অংশু এবং অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নিলা ও আলিশা।
অভিযোগে বলা হয়েছে ; বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী। ক্রিকেটের প্রতি আবেগপ্রবণ, তাই বাংলাদেশের ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও ক্রিকেট খেলা পছন্দ করেন এবং ক্রিকেট নিয়ে নানা কৌতূহল থাকে। জাতীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া লিগের সব ক্রিকেট খেলাই শিশু থেকে বয়স্ক সবাই পরিবারকে নিয়ে দেখেন এবং দেখার ইচ্ছা করেন। তবে যদি হয় সেই ক্রিকেট ম্যাচ সেলিব্রিটিদের নিয়ে, তাহলে সাধারণ জনগণের মাঝে আরও কৌতূহল থাকে ক্রিকেট ম্যাচ দেখার, হোক সেটি সরাসরি বা অনলাইনে।
বর্তমানে আমরা দেখতে পেয়েছি, সেলিব্রিটি ক্রিকেট লিগ-২০২৫ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশের বিভিন্ন মডেলসহ ছোট ও বড় পর্দার অভিনেত্রীরা অংশগ্রহণ করছেন। সেই সেলিব্রিটি ক্রিকেট লিগে মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা তাদের শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গ-ভঙ্গিমাসহ ক্রিকেট খেলার সময় বা প্র্যাকটিস সেশনে সঠিক ড্রেস না পড়ে ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট-বড় সবার মাঝে ইচ্ছাকৃতভাবে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, যা ক্রিকেট প্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। একইসঙ্গে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এবং অভিনেত্রী মারুফা আক্তার জামান নিজেও ইন্টারভিউতে বলেন, ফিগার-ই যদি না দেখাতে পারে তাহলে এতো কষ্ট করে কি লাভ হলো? এ থেকে স্পষ্ট, ক্রিকেটের নামে তারা ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন, যা সমাজের জন্য ক্ষতিকর এবং ক্রিকেটকে কলঙ্কিত করা হচ্ছে।নোটিশে আরও বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম এবং ইসলামকে ধারন করে, তাই সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে অশ্লীলতাকে ছড়িয়ে না দিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগের সব খেলোয়াড়দের শালীন ড্রেস মেইনটেইন করে খেলার জন্য আহ্বান করা হলো। তাতে যেমন সমাজ অশ্লীলতা থেকে রক্ষা পাবে, তেমনি ক্রিকেটপ্রেমীদের মনে আরও বেশি ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়বে।

তিনি আরও জানান, আগামী ১৫ (পনের) দিনের মধ্যে অশ্লীল ড্রেস পরে ও অঙ্গ-ভঙ্গি করে কেন ক্রিকেট খেলার মধ্যে অশ্লীলতা ছড়িয়েছেন, তার জন্য জবাব দাখিল করতে বলা হলো। অন্যথায় সেলিব্রিটি ক্রিকেট লিগ-২০২৫ এর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ানোর দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।