নিজস্ব সংবাদ দাতা(১০ অক্টোবর ২০২৫):
কুয়াকাটায় একটি প্রস্তাবিত হোটেল প্রকল্পের শেয়ার নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, শারীরিক হামলা ও একাধিক মামলায় জড়ানোর অভিযোগ তুলে দেশ ছেড়ে কানাডায় আশ্রয় নিয়েছেন এক বাংলাদেশি উদ্যোক্তা ও স্থপতি।
ভুক্তভোগীর অভিযোগ, তার ব্যবসায়িক অংশীদার মনজুরুল হাসান খান দীর্ঘদিন ধরে জোরপূর্বক তার মালিকানাধীন শেয়ার হস্তান্তরের জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তিনি ও তার পরিবার হুমকি এবং হামলার মুখে পড়েন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাইলেও কার্যকর প্রতিকার পাননি বলে দাবি তার। বরং পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।
তার ভাষ্যমতে, ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর তার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর নিরাপত্তাহীনতায় পরিবারসহ আত্মগোপনে যেতে বাধ্য হন। এর আগে ঢাকার বাইরে একটি প্রত্যন্ত এলাকায় কয়েক মাস অবস্থান করেছিলেন বলেও জানান তিনি।
ক্রমবর্ধমান হুমকি ও নিরাপত্তা ঝুঁকির মুখে ২০২৩ সালের নভেম্বরে তিনি পরিবারসহ কানাডায় যান এবং সেখানে শরণার্থী সুরক্ষা প্রার্থনা করেন।
পরিবারের সদস্যদের দাবি, তিনি দেশ ছাড়ার পর ঢাকার বাসায় একাধিকবার তল্লাশি চালানো হয়। তার এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক ও নির্যাতনের অভিযোগও উঠেছে। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানা যায়। এছাড়া বাসায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে প্রতিবেশীদের মাধ্যমে তথ্য পাওয়া গেছে।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক সংযোগ থাকায় তিনি ন্যায়বিচার পাননি। সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এছাড়া তিনি পুলিশ সংস্কার কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলেও জানান। তবে কমিশন থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে—এমন তথ্য মেলেনি। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বিশেষজ্ঞদের মতে, ব্যবসায়িক বিরোধের কারণে কোনো পক্ষ যদি নিরাপত্তাহীনতায় দেশ ছাড়তে বাধ্য হয়, তবে তা বিনিয়োগ পরিবেশ ও আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলে।
বর্তমানে ওই উদ্যোক্তা ও স্থপতি কানাডায় অবস্থান করছেন। তার দাবি, দেশে ফিরে গেলে তিনি গ্রেপ্তার বা প্রাণনাশের ঝুঁকিতে পড়বেন। অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।