প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফর শুরু করেছেন। শনিবার সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে তিনি এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান।
বৃষ্টি উপেক্ষা করে সফরে আসা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি যান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার-এ। সেখানে তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন। এসময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম সিলেট সফর। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি, তখন দলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সিলেটে-ভুয়া-সাংবাদিক-ও-বি/
সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সকাল ১১টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন এবং পরে নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তব্য দেবেন। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বহু প্রতীক্ষিত বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দুপুরে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন তিনি। পরে বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন বলে জানা গেছে।