শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর বক্তব্য ও আচরণের কড়া সমালোচনা করেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাফসিন মেহনাজ আজিরিন। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রীর নিজের ভাষা ও ব্যবহার উন্নত করা উচিত। বৃহস্পতিবার এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে মেহনাজ বলেন, শিক্ষামন্ত্রী সম্প্রতি মন্তব্য করেছিলেন—বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অতিরিক্ত স্বাধীনতা দিলে সেখানে জঙ্গিবাদ তৈরি হতে পারে। এ মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এটি শিক্ষার্থীদের নয়, বরং শিক্ষামন্ত্রীর নিজের শিক্ষার মান নিয়েই প্রশ্ন তোলে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এর এই শিক্ষার্থী বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের ভাষা ব্যবহার করা কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে প্রত্যাশিত নয়।” তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর আচার-আচরণ এমন যে তিনি নিজেকে সবার ঊর্ধ্বে মনে করেন এবং অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করেন। তার মতে, এ ধরনের আচরণ উগ্র মানসিকতার বহিঃপ্রকাশ।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/দক্ষিণ-এশিয়ায়-শিক্ষকের-দ/
মেহনাজ দাবি করেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “১৮ জুলাই যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে না নামত, তাহলে পরিস্থিতি কোথায় যেত তা আগে ভাবা উচিত।”
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মাইলস্টোন-স্কুল-বিমান-দু/
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার বা সমাজের সঙ্গে সম্পর্কিত নয়। কোনো বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো একটি প্রতিষ্ঠান বা শিক্ষার্থী সমাজকে বিচার করা ঠিক নয়। ডাকসু বা ছাত্ররাজনীতির কাঠামো না থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।