• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

শাকসু নির্বাচন নিয়ে স্মারকলিপি থেকে দুই ভিপি প্রার্থীর স্বাক্ষর প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: / ৫০ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
স্মারকলিপি থেকে দুই ভিপি প্রার্থীর স্বাক্ষর প্রত্যাহার

নির্বাচন কমিশনের তিন শর্তকে প্রত্যাখ্যান করে নির্ধারিত সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আয়োজনের লক্ষ্য আজ বিকেলে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। সেই স্মারকলিপি থেকে সন্ধ্যায় স্বাক্ষর প্রত্যাহার করেছেন ছাত্রদল-সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় সেন্টার অব এক্সিলেন্স ভবনের সামনে নির্বাচন কমিশনের হাতে ৭৬ জন প্রার্থীর স্বাক্ষর-সংবলিত স্মারকলিপি তুলে দেন প্রার্থীরা। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে ছাত্রদল-সমর্থিত ভিপি ও স্বতন্ত্র ভিপি প্রার্থী হঠাৎ সেই স্বাক্ষর প্রত্যাহার করায় উদ্বেগ দেখা দিয়েছে অন্য প্রার্থীদের মাঝে। তবে কোন কারণে স্বাক্ষর প্রত্যাহার করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তারা।

এর আগে, ইসি কর্তৃক নির্বাচন স্থগিতের খবরে শিক্ষার্থীদের আন্দোলনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিন শর্তে নির্বাচনের অনুমতি দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম। শর্ত তিনটি হলো- নির্বাচনকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না এবং জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে না। এসব শর্তে প্রার্থীদের লিখিত স্বাক্ষর প্রদান করতে হবে। তবেই শাকসু নির্বাচন আয়োজনে কমিশনের আপত্তি থাকবে না বলে জানানো হয়। তবে উপ-উপাচার্যের এমন শর্তকে প্রহসন আখ্যা দিয়ে গতকাল রাতেই তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে আজ বিকেলে নির্ধারিত সময়ে শাকসু নির্বাচনের দাবিতে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রজ্ঞাপনকে কেন্দ্র করে আসন্ন শাকসু নির্বাচনের পথে বাধা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন থেকে মনে করা হচ্ছে, শাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে। আমরা শাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীগণ মনে করি যে, জাতীয় নির্বাচনের সঙ্গে শাকসু নির্বাচনের কোনো ধরনের সংশ্লিষ্টতা ও সাংঘর্ষিকতা নেই। আসন্ন শাকসু নির্বাচন কোনোভাবেই জাতীয় নির্বাচনকে প্রভাবিত করে না। শিক্ষার্থীদের কাছ থেকে অঙ্গীকারনামা বা মুচলেকা চাওয়া কোনোভাবেই সম্মানজনক না। আমরা এই ধরনের পদক্ষেপ প্রত্যাখ্যান করি। এজন্য আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণ সদিচ্ছা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। সুতরাং, আমরা পূর্বনির্ধারিত সময়ে যেকোনো কর্তৃপক্ষ থেকে নতুন কোনো শর্ত আরোপ ছাড়াই শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানাই।

একাধিক প্রার্থী বলেন, নির্বাচনকালীন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক সেটা আমরাও চাই। আর সেটা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা অযৌক্তিক শর্ত প্রত্যাখ্যান করেছি এবং সবাই একমত হয়ে যথাসময়ে নির্বাচনের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছি। কিন্তু হঠাৎ কেন দুই প্রার্থী স্বাক্ষর প্রত্যাহার করেছেন তা আমাদের বোধগম্য না। এ বিষয়ে জানতে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি। অন্যদিকে স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তিন শর্ত দিয়েছে সেগুলোর দায়ভার আমাদেরকে নিতে হবে। এই আশঙ্কার জায়গা থেকেই স্মারকলিপি থেকে স্বাক্ষর প্রত্যাহার করেছি।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ঘোষণার প্রতিবাদে ১২ জানুয়ারি রাতভর বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী দেখা করলে কমিশন নির্বাচনের আশ্বাস দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()