প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছেছেন তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন— ইউজিসির উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ : রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপস্থিত হন।
এর আগে, গত ২৭ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছিলেন তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয় সফর। সোমবার ইউজিসির আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অধ্যাপক মামুন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/নার্সদের-সম্মানে-বিশ্বজু/
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের। ইউজিসি চেয়ারম্যান জানিয়েছেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ উচ্চশিক্ষা পরিকল্পনা ও নীতিনির্ধারণেও এটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মালয়েশিয়ায়-চিকিৎসাধীন-মি/
আয়োজকরা জানান, দিনব্যাপী এ কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের।