কোরবানির পশুর চামড়া নিয়ে এবার বিপাকে পড়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। বাজারে ক্রেতার সংকট এবং দাম পড়ে যাওয়ায় চামড়া বিক্রি করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন তারা।
শুক্রবার (২৯ মে) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অনেক স্থানে চামড়ার ক্রেতা নেই বললেই চলে। কিছু বাজারে ক্রেতা পাওয়া গেলেও তারা প্রতিটি চামড়া মাত্র প্রায় ১০০ টাকা দরে কিনছেন। এর আগে গ্রামাঞ্চল থেকে মৌসুমি ব্যবসায়ীরা ২০০ থেকে ৩০০ টাকা দরে চামড়া কিনে বাজারে এনে এখন বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। রাত পর্যন্ত চামড়ার স্তূপ পড়ে থাকতে দেখা গেছে বিভিন্ন হাট-বাজারে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/22368-2/
কলাবাগান বাজারের মৌসুমি ব্যবসায়ী ওয়াদুদ বলেন, এখন পর্যন্ত কোনো বড় পাইকার বা ব্যবসায়ীর দেখা মেলেনি। বিক্রি করতে না পারলে বড় লোকসান হবে, এমনকি চামড়া ফেলে দেওয়ার কথাও ভাবতে হচ্ছে। অন্যদিকে কাশিনগর বাজারের ব্যবসায়ী শহীদ জানান, সকালে ২০০ থেকে ৩০০ টাকা দরে চামড়া কিনলেও এখন ক্রেতা না থাকায় বিপাকে পড়েছেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জাতীয়-ঈদগাহে-মুসল্লিদের/
এদিকে আল হেরা দারুল সুন্নত কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মোসলে উদ্দিন বলেন, প্রায় ৬০০ চামড়া দান হিসেবে পেয়েছেন তারা। কিন্তু বাজারে বিক্রি বা সংরক্ষণের ব্যবস্থা না থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্ধারিত দামের বাস্তবায়ন মাঠ পর্যায়ে না থাকায় প্রতি বছরই চামড়া ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন।