কাজী খালেদ সিয়াম:
নেপাল কে ২-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
ভারতের “ইউপিয়ার গোল্ডেন জুবিলি” স্টেডিয়ামে শুক্রবার অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ এর সেমিফাইনালে বাংলাদেশের পক্ষে গোল দুটি করেন ক্যাপ্টেন নাজমুল হুদা ও আশিকুর রহমান।
প্রথমার্ধে দু’দলই কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেললেও নেপাল একাধিকবার আক্রমণে উঠে আসে। তবে বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন বেশ কয়েকবার তা রুখে দেন। ২২ মিনিটে কাউন্টার এট্যাকে নাজমুল হুদার বাড়ানো বল ফিনিশিংয়ের ব্যার্থতায় গোলের সুযোগ হারায় বাংলাদেশ। ৩৩ মিনিটেও কর্ণার থেকে গোল করার সুযোগ বৃথা যায়।
তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ একের পর এক আক্রমণ করতে থাকে। ৫৬ মিনিটে কর্ণার থেকে গোলের দারুণ এক সুযোগ তৈরী হলেও নেপালের ডিফেন্ডার এর দক্ষতায় এ যাত্রাও ব্যার্থ হয় বাংলাদেশ। তবে মুহুর্মুহু আক্রমণে নেপালকে চাপে রাখতে থাকে বাংলাদেশ দল। অবশেষে ৭৩ মিনিটে আসে বহুল কাঙ্ক্ষিত সেই গোল। নাজমুলের কর্ণারে আশিকুর রহমান দারুণ হেড দিয়ে গোল করে বাংলাদেশকে ১-০ গোলে লিড এনে দেন। এগিয়ে থাকা উজ্জীবিত বাংলাদেশ দল হয়ে ওঠে আরও ভয়ংকর। ৮১ মিনিটে নেপালের ডিফেন্স এর ভুলে ব্যাবধান বাড়ায় বাংলাদেশ। রাইট উইংয়ে উঠে আসা মানিকের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা।
২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ ভুল করে বসে ৮৭ মিনিটে। সুজন ডাঙ্গল বাংলার ডিফেন্স ভেঙে গোল করে নেপালকে ম্যাচে ফেরানোর সুযোগ করে দেন। তবে শেষ সময়টুকুতে বাংলাদেশ ২-১ গোলের লিড ধরে রাখতে সক্ষম হয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ শিবির। এই ম্যাচ জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টের শুরুতে ড্র করে যাত্রা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভূটানকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। আগামী রোববার (১৮ মে) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত বনাম মালদ্বীপের মধ্যকার ম্যাচে জয়ী দল।