বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার মোট ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মকবুল হোসেনকে কুষ্টিয়ায় একই পদে বদলি করা হয়েছে। ঢাকা এপিবিএন–১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে ঢাকা এপিবিএন–৫ এ পাঠানো হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জাপানের-মন্ত্রীর-সঙ্গে-প/
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা এপিবিএন–১২’র অধিনায়ক হিসেবে। এছাড়া ঢাকা এপিবিএন–১৩’র অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
র্যাবের দুই পরিচালক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এবং মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে এবং নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/এসি-বাসে-ইমার্জেন্সি-ডোর/
আরেক প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ে, পুলিশ অধিদপ্তরের শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে এবং ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রম ও মাঠপর্যায়ের দক্ষতা বাড়ানোর অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।