নারায়ণগঞ্জের এক খামারে লালিত বিরল অ্যালবিনো মহিষটি এবার আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। ঢেউখেলানো সোনালি লোম ও ব্যতিক্রমী চেহারার কারণে মালিক এর নাম দিয়েছেন ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম The Telegraph ২১ মে একটি প্রতিবেদনে মহিষটি নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করে। সেখানে বলা হয়, বাংলাদেশের এই অ্যালবিনো মহিষটি ঈদুল আজহায় কোরবানি করা হবে।
নারায়ণগঞ্জের খামার মালিক জিয়া উদ্দিন মৃধার ভাইয়ের দেওয়া নামেই মহিষটি পরিচিত হয়ে ওঠে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে। প্রাণীটির ওজন প্রায় ৬৮০ কেজি এবং বয়স চার বছর। খামার মালিক জানান, মহিষটি দেখতে প্রতিদিনই শত শত মানুষ ভিড় করেন। কেউ কেউ দূরদূরান্ত থেকে এসে এই বিরল প্রাণীটি দেখেছেন। অনেক দর্শনার্থী মহিষটির চেহারার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল আছে বলেও মন্তব্য করেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জাপান-বাংলাদেশ-সামরিক-প্/
মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, দীর্ঘদিন লালন-পালনের পর মহিষটি কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, প্রাণীটির সঙ্গে তাঁর এক ধরনের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল, তবে ঈদুল আজহার ধর্মীয় শিক্ষা অনুযায়ী ত্যাগই মূল বিষয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঈদে-পশ্চিমাঞ্চল-রেলে-স্প/
আন্তর্জাতিক প্রতিবেদনে আরও বলা হয়, আসন্ন ঈদুল আজহায় বাংলাদেশে প্রায় কোটি গবাদিপশু কোরবানি দেওয়া হবে, যার মধ্যে এই ব্যতিক্রমী মহিষটিও রয়েছে। ঈদুল আজহার এই ঘটনাকে ঘিরে দেশ-বিদেশে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, যা বাংলাদেশের কোরবানির ঐতিহ্যকেও আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুনভাবে তুলে ধরছে।