সিলেটের চার বছরের শিশু ফাহিমা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচার ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার যে ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক একইভাবে ফাহিমা হত্যার বিচার নিয়েও স্পষ্ট ঘোষণা এবং দ্রুত বাস্তবায়ন দেখতে চান তিনি।
জামায়াত আমির বলেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব। তিনি পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত চার্জশিট দাখিলের আহ্বান জানান। একই সঙ্গে বিচার নিশ্চিতে দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। ফাহিমার স্বজনদের উদ্দেশে তিনি বলেন, তাদের কষ্ট দূর করার ক্ষমতা কারও নেই, তবে কষ্টের ভাগ নিতে এবং ন্যায়বিচারের দাবিতে পাশে থাকার দায়িত্ব সবার রয়েছে।
এ সময় সমাজে শিশু নির্যাতন ও নারী-শিশুর বিরুদ্ধে অপরাধ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে অপরাধীদের দৌরাত্ম্য আরও বাড়বে। ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।