চট্টগ্রাম-৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে করা আবেদন নথিভুক্ত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আগামী ৯ জুন আপিল শুনানির দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ড-ইউনূসকে-বিয়ের-দাওয়াত-দি/
এর আগে ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে জটিলতা তৈরি হয়। নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে, গত ১৮ জানুয়ারি তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে একটি ব্যাংক রিট আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেন।
পরবর্তীতে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন আদালত। এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে তার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং তিনি শপথও নিতে পারেননি।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বিএনপির-অঙ্গ-সংগঠনে-আসছে/
এ অবস্থায় ফলাফল প্রকাশ ও সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সুযোগ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন তিনি। আদালত সেই আবেদন নথিভুক্ত করে আগামী ৯ জুন শুনানির দিন নির্ধারণ করেছেন। এখন ওই শুনানির ওপরই নির্ভর করছে চট্টগ্রাম-৪ আসনের চূড়ান্ত ফলাফল ও আসলাম চৌধুরীর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের ভবিষ্যৎ।