ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ— ডাকসুর ভিপি সাদিক কায়েম সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানান সাদিক কায়েম।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/আ-লীগকে-টিকিয়ে-রাখতে-চেয়ে/
তিনি জানান, ‘জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স’-এ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে ড. ইউনূসের সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হয়েছে। সাক্ষাৎকালে সাদিক কায়েম জুলাইয়ের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম ড. ইউনূসের হাতে তুলে দেন। একই সঙ্গে জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ডাকসুর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ও তুলে ধরা হয়।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তরুণদের বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় গণমানুষের প্রত্যাশিত সংস্কার, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পথচলায় ড. ইউনূসের সহযোগিতা ও পরামর্শও কামনা করা হয় বলে জানান সাদিক কায়েম।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বিএনপির-অঙ্গ-সংগঠনে-আসছে/
এ ছাড়া নিজের বিয়ের দাওয়াত দিলে ড. ইউনূস তার নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন ডাকসু ভিপি।