আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৭ জুন) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। বিবৃতিতে বলা হয়, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে যৌথ নিরাপত্তা অভিযান চালিয়ে এসব প্রবাসীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইতোমধ্যে ৪ হাজার ৬৯০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/যুবদলের-১৫১-সদস্যের-ঘোষি/
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৬০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৫৭৪ জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে ১ হাজার ১২৬ জন রয়েছেন। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ২৮ শতাংশ ইয়েমেনি এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টার অভিযোগে আরও ২৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, বর্তমানে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারী।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/৯-জুলাই-শেষ-হচ্ছে-জাতীয়-সং/
এদিকে, আইন লঙ্ঘনকারীদের বহিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৪ হাজার ৪৯৫ জনকে নিজ নিজ দূতাবাস বা কূটনৈতিক মিশনে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। এছাড়া বহিষ্কারের চূড়ান্ত প্রস্তুতির জন্য আরও ৮৫০ জনকে সংশ্লিষ্ট দপ্তরে নেওয়া হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তার অভিযোগে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।