লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় দিয়েছে। এরমধ্যে ৪ হাজার ৭৭৪ জন শিক্ষার্থী (৪৮.৯৫%) পরীক্ষায় কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন। তবে জেলার তিনটি কলেজের ১৮ জন পরীক্ষার্থী কেউই পাশ করতে পারেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুরাইয়া আক্তার লাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে সদর উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ বাজার এলাকার ক্যামব্রিজ সিটি কলেজের ৪ জন, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ৪ জন ও রামগতির সেবাগ্রাম ফজলুল রহমান স্কুল অ্যান্ড কলেজের ১২ জন।
বিষয়টি জানতে সদর উপজেলার চন্দ্রগঞ্জের ক্যামব্রিজ সিটি কলেজের শিক্ষক রানাকে একাধিকবার মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি। তার প্রতিষ্ঠানে মানবিক বিভাগ থেকে ৪ জন পরীক্ষা দিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।
তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে মানবিক বিভাগে ৪ জন পরীক্ষা দিয়েছে। সবাই অকৃতকার্য হয়েছে। ঠিকমতো পড়ালেখা না করায় তারা কৃতকার্য হতে পারেনি।
তিনি বলেন, আমাদের কলেজ শাখায় নিয়মিত শিক্ষক নেই। তবে অতিথি শিক্ষক রেখে পাঠদান করিয়ে আসছি। ২০২২ সালে আমরা কলেজের অনুমোদন পাই। প্রথম ব্যাচে ৬ জন পরীক্ষা দিয়ে ১ জন পাশ করেছিল।
রামগতি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন বলেন, সেবাগ্রাম ফজলুল করিম স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরমধ্যে সবাই ফেল করেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।