যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। বর্তমানে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ থাকলেও তা বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারে নেওয়ার পরিকল্পনা করছে দেশটি। মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন এমবিএস। খবর আনাদোলুর।
বৈঠক শেষে সাংবাদিকদের এমবিএস বলেন, “আমরা মনে করছি, আজ অথবা আগামীকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারবো যে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগকে বাড়িয়ে আমরা প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করছি।” তিনি আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হবে, যা “বিনিয়োগের বিশাল সুযোগ তৈরি করবে।”
এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, “মানে ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?” উত্তরে এমবিএস বলেন, “নিশ্চিতভাবেই—আজ যে চুক্তিগুলো করছি, সেগুলোই বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে।” ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তিনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই হয়তো তা ১ ট্রিলিয়নও হতে পারে—তবে বিষয়টি নিয়ে আমাকে আরও কাজ করতে হবে।” তিনি যোগ করেন, “৬০০ বিলিয়ন নিশ্চিত ভাবেই ধরতে পারি, তবে অংকটি আরও কিছুটা বাড়তে পারে।”
যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এই বৈঠককে “সৌদি–যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন” বলে উল্লেখ করেছেন। তিনি জানান, দুই দেশ কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন করেছে, যা সৌদি ও মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় দুই দেশের যৌথ প্রতিশ্রুতি আরও জোরদার করবে। চুক্তিগুলোর বিস্তারিত যদিও প্রকাশ করা হয়নি, তবে দুই দেশের মধ্যে কৌশলগত বিনিয়োগ সহযোগিতা আরও গভীর হবে বলে ধারণা করা হচ্ছে।