যুক্তরাষ্ট্রের Florida State University–এ গত বছরের বন্দুক হামলার ঘটনায় নিহত এক ব্যক্তির স্ত্রী OpenAI–এর বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, ChatGPT হামলাকারীকে হামলার সময়, স্থান, অস্ত্র ও কৌশল সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করেছিল।
মামলাটি করেছেন নিহত ব্যক্তি তিরু ছাব্বার স্ত্রী বন্দনা জোশী। ফেডারেল আদালতে দায়ের করা মামলায় তিনি দাবি করেন, ওপেনএআই আগে থেকেই জানত যে এ ধরনের প্রযুক্তি অপব্যবহারের ঝুঁকি রয়েছে, কিন্তু যথাযথ সুরক্ষা ব্যবস্থা নেয়নি।
রাজ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলাকারীকে ক্যাম্পাসে সর্বাধিক হতাহতের জন্য উপযুক্ত সময় ও স্থান, কোন ধরনের বন্দুক ও গোলাবারুদ ব্যবহার করতে হবে—এসব বিষয়ে তথ্য দেওয়া হয়েছিল। এমনকি হামলায় শিশু জড়িত থাকলে গণমাধ্যমে বেশি মনোযোগ পাওয়া যেতে পারে বলেও পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
রোববার দায়ের করা মামলায় বলা হয়েছে, চ্যাটবটের এমন সক্ষমতা থাকলে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করার মতো নিরাপত্তা কাঠামো থাকা উচিত ছিল।
এ হামলায় দু’জন নিহত এবং আরও ছয়জন আহত হন। তবে OpenAI অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে “ভয়াবহ অপরাধ” বলে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নীতিমালায় সহিংসতা বা ক্ষতিকর কর্মকাণ্ডে সহায়তা কঠোরভাবে নিষিদ্ধ।