আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি জানান, আজ থেকেই হাসিবুর রশীদের সাজা কার্যকর শুরু হয়েছে। রায়ের সত্যায়িত কপি পাওয়ার পর তিনি চাইলে আপিল করতে পারবেন। এর আগে, গত ৯ এপ্রিল শহিদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন ট্রাইব্যুনাল-২। সেই রায়ে সাবেক ভিসি হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় তার অবস্থান শনাক্ত করে স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আজ ট্রাইব্যুনালে হাজির করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।