যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিনকার্ড আবেদনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির অভিবাসন সংস্থা ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস)।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে অস্থায়ী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করে আর গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারবেন না। বরং নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন দূতাবাসের মাধ্যমে কনস্যুলার প্রক্রিয়ায় আবেদন করতে হবে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ইউএসসিআইএস। সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ও আদালতের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/পাকিস্তানকে-ভারতের-সেনাপ/
এর আগে অস্থায়ী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করেই ‘অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস’ প্রক্রিয়ার মাধ্যমে গ্রিনকার্ডের আবেদন করতে পারতেন। নতুন নিয়মে সেই সুযোগ কার্যত সীমিত হয়ে গেল। প্রতি বছর লাখো শিক্ষার্থী, পর্যটক ও কর্মী ভিসাধারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, যাদের অনেকেরই লক্ষ্য থাকে স্থায়ী বসবাসের অনুমোদন পাওয়া। নতুন নির্দেশনায় তাদের আবেদন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সৌদি-আরবের-ঘোষণা-২৭-মে-পবি/
বিশেষজ্ঞদের মতে, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে সাম্প্রতিক সময়ে একাধিক কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় এটি আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।