রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা, ক্ষতিপূরণ এবং হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদারের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালকসহ মোট পাঁচ কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠান।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জাতীয়-ঈদগাহে-মুসল্লিদের/
নোটিশে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশজুড়ে শোক, ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, গভীর রাতে সদ্য জন্ম নেওয়া কয়েকটি নবজাতক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে শ্বাসকষ্ট, বমি, অবিরাম কান্না এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা দেয়। একইসঙ্গে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।
অভিযোগ অনুযায়ী, সংকটময় পরিস্থিতিতেও পর্যাপ্ত জরুরি চিকিৎসা সাড়া, সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়নি। এমনকি সংকটাপন্ন নবজাতকদের উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরেও বিলম্ব হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। ফলে একের পর এক নবজাতকের মৃত্যু ঘটে, যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/22368-2/
আইনি নোটিশে চারটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। প্রথমত, ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা সাড়া, রোগী নিরাপত্তা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে কার্যকর নির্দেশিকা প্রণয়ন করতে হবে। চতুর্থত, হাসপাতালগুলোর সেবার মান ও নিরাপত্তা তদারকিতে মনিটরিং কমিটি গঠন করতে হবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বাজারে-চামড়ার-ক্রেতা-নেই/
এদিকে, নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার মধ্যে নেওয়া পদক্ষেপ জনসাধারণকে জানাতে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, গত বুধবার আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি ইতোমধ্যে ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটির তথ্য পেয়েছে।