পাকিস্তান যদি অনতিবিলম্বে তাদের ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের আশ্রয় ও ভারতের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে তারা বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে—সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ইরান-সংকটের-সামরিক-সমাধা/
শনিবার নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘ইউনিফর্ম আনভেইল্ড’ প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত ওই ইন্টারেক্টিভ অধিবেশনে পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখলে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে।
ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তানকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে, নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে। তার এই মন্তব্যকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে ‘অপারেশন সিন্দুর’ নিয়ে প্রশ্ন করা হলে জেনারেল দ্বিবেদী বলেন, ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব কঠোরভাবেই দেওয়া হবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শোলাকিয়ায়-ঈদুল-আজহার-জাম/
উল্লেখ্য, গত বছর কাশ্মীরের পাহালগামে ভয়াবহ হামলার পর ভারত পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে একাধিক সামরিক হামলা চালায়, যা ‘অপারেশন সিন্দুর’ নামে পরিচিত। পরবর্তীতে পাকিস্তানও পাল্টা জবাব দিলে দুই দেশের মধ্যে ৮৮ ঘণ্টাব্যাপী সামরিক উত্তেজনা সৃষ্টি হয়। পরে কূটনৈতিক তৎপরতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে অপারেশনের প্রথম বর্ষপূর্তিতে ভারতীয় সেনাপ্রধানের এই নতুন মন্তব্যে দক্ষিণ এশিয়ায় আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।