বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। দীর্ঘ প্রায় ১৮ বছর প্রবাসে অবস্থানের পর দেশে ফিরে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হওয়ার কথা জানান তিনি। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, “ইনশাআল্লাহ আমি ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাব। দীর্ঘ সময় ধরে আপনারা আমার সঙ্গে ছিলেন।”
তিনি বলেন, এবারের বিজয় দিবসের আয়োজনটি তার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, একদিকে এটি জাতির বিজয়ের দিন, অন্যদিকে যুক্তরাজ্যে দীর্ঘ ১৭–১৮ বছরের রাজনৈতিক ও সাংগঠনিক পথচলার সমাপ্তির সময় ঘনিয়ে এসেছে। নেতাকর্মীদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সামনে রাজনৈতিক পরিস্থিতি সহজ হবে না। তবে দলীয় ঐক্য ধরে রাখতে পারলে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে এবং জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যাবে।
তিনি আরও বলেন, আগামী দুমাসের মধ্যেই দেশে বহুল আলোচিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা এবং রাষ্ট্র পরিচালনার একটি স্পষ্ট রূপরেখা উপস্থাপন করা বিএনপির প্রধান কর্তব্য। তারেক রহমান বলেন, তিনি কল্পনাভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী নন; বরং বাস্তবসম্মত ও সুপরিকল্পিত রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই দেশ পরিচালনার কথা ভাবছেন।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.