
থ্রি-স্টার হোটেল ও জমির শেয়ার বিক্রির নামে প্রায় ৪৭০ জন গ্রাহকের কাছ থেকে ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিনেতা ও আবাসন ব্যবসায়ী হায়দার কবির মিথুনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি। রোববার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, শনিবার গভীর রাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/স্বাস্থ্য-পরীক্ষার-জন্য/
সিআইডির তথ্যমতে, হায়দার কবির মিথুন ‘হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড’-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বা ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি একজন টেলিভিশন অভিনেতাও। মামলার এজাহারে বলা হয়, প্রতিষ্ঠানটি রাজধানীর উত্তরখান এলাকায় ১০ কাঠা জমির ওপর জি-প্লাস ৯ তলা ভবন নির্মাণের কথা বলে ৩৬টি শেয়ার বিক্রির প্রচারণা চালায়। প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয় ১৫ লাখ টাকা। প্রলোভনে পড়ে অনেক গ্রাহক বিনিয়োগ করেন। তবে অর্থ নেওয়ার পরও প্রতিশ্রুত জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।পরে ভুক্তভোগীরা জানতে পারেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়া নেওয়া থ্রি-স্টার হোটেল ও জমির শেয়ার বিক্রির নামে প্রায় ৪৭০ জনের কাছ থেকে আনুমানিক ১২০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বিএনপির-অঙ্গ-সংগঠনে-আসছে/
অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইলে গ্রাহকদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আত্মগোপনে যান। সিআইডি জানায়, তদন্তে হায়দার কবির মিথুনের বিরুদ্ধে প্রতারণায় সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার পর তিনি আত্মগোপনে গিয়ে মোবাইল ফোন বন্ধ রেখে বিদেশে চলে যান। এছাড়া তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও উত্তরা এলাকার আরও একাধিক প্রতারণার মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। গ্রেফতার মিথুনকে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.