প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৪:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ৪:২৪ পি.এম
ল্যুভর জাদুঘরের গয়না চুরিতে নতুন মোড়

ফ্রান্সের প্যারিসের ঐতিহাসিক ল্যুভর জাদুঘরের আলোচিত চুরির ঘটনায় আরও পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্যারিসের পাবলিক প্রসিকিউটর লর বেকু বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।বুধবার রাতে রাজধানী প্যারিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে একজনকে মূল সন্দেহভাজন বলে ধারণা করা হচ্ছে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, এদিনের আগেই দুইজন অভিযুক্ত আংশিকভাবে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিল। গত ১৯ অক্টোবর দিবালোকে ল্যুভরের ‘গ্যালারি দ্য আপোলন’ থেকে প্রায় ৮৮ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫০ কোটি টাকা) মূল্যের প্রাচীন অলংকার চুরি হয়। পাবলিক প্রসিকিউটর বেকু জানান, চুরি যাওয়া মূল্যবান গয়নাগুলো এখনো উদ্ধার করা যায়নি। তবে নতুন গ্রেপ্তার হওয়া একজনের ডিএনএ ঘটনাস্থলের নমুনার সঙ্গে মিলেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে সিসিটিভিতে ধরা পড়া চার সদস্যের মূল ডাকাত দলের অংশ বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি আরো জানান, ডাকাত দলের পেছনে আরও বড় একটি চক্র কাজ করছে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত জানানো হচ্ছে না। নতুন আটক ব্যক্তিদের চার দিন পর্যন্ত আটক রেখে জিজ্ঞাসাবাদ করা যাবে। এর আগে গত সপ্তাহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। দুজনেরই বয়স ত্রিশের কোঠায় এবং দুজনেরই আগের অপরাধের রেকর্ড রয়েছে। ধারণা করা হচ্ছে, তারাই পাওয়ার টুল ব্যবহার করে জাদুঘরের প্রদর্শনী কক্ষের কাচ ভেঙে গয়নাগুলো নিয়ে যায়। বেকু জানান, আলজেরিয়া যাওয়ার একমুখী টিকিটে বিমানে উঠার সময় একজন সন্দেহভাজনকে আটক করা হয়। অপরজন ফ্রান্স ছাড়ার পরিকল্পনা করেননি। তিনি নিশ্চিত করেন, এই ঘটনায় ল্যুভরের কোন কর্মচারী জড়িত থাকার প্রমাণ এখনো মেলেনি।
তদন্তে জানা গেছে, চুরির দিন সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) জাদুঘর খোলার কিছুক্ষণ পরই চার ডাকাত প্রবেশ করে। তারা একটি চুরি করা যান্ত্রিক লিফট ব্যবহার করে সেইন নদীর পাশের বারান্দা দিয়ে ‘গ্যালারি দ্য আপোলন’-এ ঢোকে। সেখানে ডিস্ক কাটার মেশিন দিয়ে কাচের শোকেস কেটে ফরাসি রাজমুকুটের ঐতিহাসিক গয়না নিয়ে যায়।
যাদুঘরের ভেতরের পুরো অভিযানটি শেষ হয় মাত্র চার মিনিটে। পরে স্থানীয় সময় সকাল ৯টা ৩৮ মিনিটে তারা দুটি স্কুটারে পালিয়ে যায় এবং পরে গাড়ি বদলে পূর্বদিকে রওনা দেয়। আশ্চর্যের বিষয়, পুরো ঘটনায় কেউ আহত বা হুমকির মুখে পড়েনি। চুরির পর থেকে ফ্রান্সজুড়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ল্যুভর কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের সবচেয়ে মূল্যবান গয়না ব্যাংক দ্য ফ্রান্সে স্থানান্তর করেছে, যা সংরক্ষিত থাকবে প্যারিসের কেন্দ্রস্থলে ব্যাংকের মূল ভবনের মাটি থেকে ২৬ মিটার নিচে অবস্থিত বিশেষ সুরক্ষিত ভল্টে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.