
ফেনীর দাগনভূঞায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় ফেরার পথে র্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মাতুভূঞা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের বেকের বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় দায়িত্বরত ওয়াসিম উদ্দিন ও মকবুল আহম্মদ নামে দুইজন ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে ৮ লাখ টাকা নিয়ে সিএনজি অটোরিকশাযোগে তাদের নিজ কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে ফেনী-নোয়াখালী মহাসড়কের মাতুভূঞা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে র্যাব পরিচয়ে ৪-৫ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করেন। একপর্যায়ে মারধর করে তাদের চোখ বেঁধে জোরপূর্বক প্রাইভেটকারে করে নোয়াখালীর সেনবাগের দিকে নিয়ে যায়। সেখানে সড়কের পাশে ফেলে দিয়ে চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
ইসলামী ব্যাংকের বেকের বাজার শাখার এজেন্ট মহিউদ্দিন বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে সেনবাগ গিয়ে তাদের নিয়ে আসি। ব্যাংকের জন্য দাগনভূঞা শাখা থেকে আনা ৮ লাখ টাকা ছাড়াও তারা কর্মচারী মকবুল আহম্মদের সঙ্গে থাকা সাড়ে ১৬ হাজার টাকা নিয়ে গেছে। এ বিষয়ে শুরু থেকেই পুলিশকে বিস্তারিত জানিয়েছি। এ ব্যাপারে দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.