সপ্তাহের ব্যবধানে বাজারে অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। এতে সবজির দামে স্বস্তি না ফিরলেও নতুন করে অস্বস্তিও নেই। অন্যদিকে, সপ্তাহের ব্যবধানে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়ে খুচরা দোকানে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৬ টাকা বাড়ানোর ঘোষণা দিলেও ভোক্তাপর্যায়ে ব্যবসায়ীরা এখনো দাম বাড়াতে পারেননি। কারণ, সরকার তেলের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেনি।
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, রামপুরা ও মালিবাগসহ বিভিন্ন এলকার বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।বিক্রেতারা বলছেন, সবজির দাম আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আরও কমবে। কারণ বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করেছে। বিশেষ করে শিম ও ফুলকপির মতো শীতকালীন সবজিগুলো বাজারে সরবরাহ বাড়লেই দাম কমে আসবে। রামপুরা বাজারের সামনে একটি ভ্যানে ৬ কেজি আলু বিক্রি হচ্ছিল ১০০ টাকায়। বাজারের ভেতরে আলু কিনতে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকার বেশি গুনতে হচ্ছে না। একইভাবে ২০-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁপে।
পটলের দাম আগের মতোই প্রতি কেজি ৭০-৮০ টাকায় রয়েছে। কিছুটা কমেছে বেগুনের দাম। বেগুন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। যা গত সপ্তাহেও ছিল ১২০-১৬০ টাকা। মুলা, শশা, কচুর মুখিসহ বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে। কমেছে কাঁচা মরিচের দামও। প্রতি কেজি কাঁচা মরিচ ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহ পর্যন্ত ১৬০ টাকার নিচে কাঁচা মরিচ বিক্রি হয়নি।বাজারে শীতকালীন আগাম সবজি শিম এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বিক্রি হচ্ছে ২০০-২৬০ টাকা কেজি। ঢ্যাঁড়স, ঝিঙে, কইডা, কাকরোলসহ বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি দরে। বাজারে নতুন আসা বরবটি এখনো ১০০ টাকা কেজি।
বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা। সপ্তাহ দুয়েক আগে ১৪০ টাকা ডজনের মধ্যেই ছিল। তবে বড় বাজারে ডিম এখনো আগের দামে মিলছে। এছাড়া ফার্মের মুরগির মধ্যে সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ২৯০-৩১০ টাকা কেজি। গত সপ্তাহে এই মুরগির দাম ছিল ৩২০ টাকা কেজির উপরে। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা কেজি।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.