
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার ঘোষণা দিয়েছেন মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার গুইলার্মো ওচোয়া। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলসহ সব ধরনের পেশাদার ফুটবল থেকে অবসরে যাবেন। ৪১ বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপার বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘ ক্যারিয়ারের পর এখন বিদায়ের সময় এসে গেছে। তিনি জানান, বিশ্বকাপের পর শান্ত মনেই ফুটবলকে বিদায় জানাতে চান।
এবারের বিশ্বকাপে জায়গা পেলে এক অনন্য রেকর্ড গড়বেন ওচোয়া। তিনি হবেন ইতিহাসের প্রথম গোলকিপার, যিনি ছয়টি ফিফা বিশ্বকাপ-এ অংশ নেবেন। এর মাধ্যমে তিনি লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মতো তারকাদের পাশে নতুন মাইলফলক স্পর্শ করবেন। মেক্সিকোর হয়ে এর আগে পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন আন্তোনিও কারভাহাল, রাফায়েল মার্কেজ ও আন্দ্রেস গুয়ার্দাদো। তবে ছয়টি বিশ্বকাপ খেলার অনন্য নজির হতে যাচ্ছে ওচোয়ার।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/তামিমের-নেতৃত্বে-বেতন-কা/
বর্তমানে তিনি সাইপ্রাসের ক্লাব এএল লিমানসোল এফসি-তে খেলছেন। মেক্সিকান টিভি চ্যানেল টিইউডিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বয়স ও শারীরিক পরিস্থিতি বিবেচনায় তিনি এখন বিদায়ের সময় অনুভব করছেন। মেক্সিকো জাতীয় দলের কোচ হাভিয়ের আগুইরে সম্প্রতি যে প্রাথমিক দল ঘোষণা করেছেন, সেখানে তৃতীয় গোলকিপার হিসেবে ওচোয়ার জন্য জায়গা রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সবশেষ ২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন এই অভিজ্ঞ গোলকিপার। এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ অধ্যায়।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.