প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ৭:৪৮ পি.এম
পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ ঘোষণায় তীব্র বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ‘বাবরি মসজিদ’ তৈরির ঘোষণা দিয়েছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক। তিনি বলেছেন, মুর্শিদাবাদে আগামী ৬ ডিসেম্বর ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের নাম হুমায়ুন কবির। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এমনকি তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগও তুলেছে বিজেপি। তবে পাল্টা প্রশ্ন তুলে কংগ্রেস বলেছে, মসজিদ বানানোতে দোষের কী আছে? রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমধ্যিমটি বলছে, আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। মূলত ওই দিনটিই অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকী। আর এ ঘোষণার পরই রাজ্যটিতে ‘ব্যাপক রাজনৈতিক বিতর্ক’ তৈরি হয়েছে। বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি এই মন্তব্যের তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন, ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে।
তার দাবি, ‘তৃণমূল নেতারা, বিশেষ করে বিধায়ক হুমায়ুন কবির ঘৃণার রাজনীতির জন্যই পরিচিত। তিনি কেবল তোষণের রাজনীতি করেন। ইচ্ছাকৃতভাবে বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন। তিনি জানেন, আগামী নির্বাচনে মানুষ তৃণমূলকে ছুড়ে ফেলবে, সেখানে রাজনৈতিক পরিবর্তনের ঢেউ উঠছে। এই অস্থিরতার কারণেই হুমায়ুন কবির এবং তৃণমূলের শীর্ষ নেতারা ভোটব্যাংক বাঁচাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’ এর আগে বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন, ‘আমরা ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। এটি নির্মাণ সম্পূর্ণ হতে তিন বছর লাগবে। বিভিন্ন মুসলিম নেতা এ অনুষ্ঠানে যোগ দেবেন।’
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.